স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দিরাইয়ের কৃতি সন্তান ও সুনামগঞ্জ সদর ২৫০ শয্যা হাসপাতাল-এর সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. সুমন রায় চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সোমবার হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত বার্ষিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। ২৫০ শয্যা হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট স্বাস্থ্য অধিদপ্তর-এর বিভাগীয় পরিচালক ডা. আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন।
বক্তারা বলেন, হৃদরোগ চিকিৎসা ও রোগীদের প্রতি মানবিক সেবাদানে ডা. সুমন রায় চৌধুরীর আন্তরিকতা ও পেশাগত দক্ষতা সুনামগঞ্জের স্বাস্থ্যখাতে ইতিবাচক ভূমিকা রাখছে। তাঁর এ স্বীকৃতি অন্য চিকিৎসকদেরও অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।
সম্মাননা পেয়ে ডা. সুমন রায় চৌধুরী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদকঃ 











