সুনামগঞ্জের দিরাই উপজেলার চিতলিয়া গ্রামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য প্রচার, আপত্তিকর মন্তব্য এবং নিরীহ গ্রামবাসী ও শিক্ষার্থীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে চিতলিয়া নাট মন্দির প্রাঙ্গণে চিতলিয়া গ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আকাশ দাসের পরিচালনায় বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য সূর্যলাল দাস, কৃষ্ণধন দাস, গণেণ দাস, বীর মুক্তিযোদ্ধা কুমোধ রঞ্জন দাস, বীর মুক্তিযোদ্ধা বিজন দাস, সেতু রঞ্জন দাস ও সনজিত দাসসহ আরও অনেকে। এ সময় শিক্ষার্থী, ভুক্তভোগী পরিবারের সদস্য এবং গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করে বলেন, পুলিশের নায়েক জুয়েল দাস নিজের গ্রাম চিতলিয়াকে নিয়ে ফেসবুকে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে গ্রামের সম্মান ক্ষুণ্ণ করছেন। পাশাপাশি প্রভাব খাটিয়ে গ্রামের সাধারণ মানুষ ও মেধাবী শিক্ষার্থীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, একজন পুলিশ সদস্য হয়ে নিজ গ্রামের মানুষের বিরুদ্ধে এ ধরনের প্রতিহিংসামূলক আচরণ অত্যন্ত দুঃখজনক। তারা অবিলম্বে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং জুয়েল দাসের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কালনী ভিউ ডেস্কঃ 
















