সিলেটে গরুর মাংসের দাম নিয়ে কথাকাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনায় বিএনপির অঙ্গসংগঠনের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব এবং সদস্য গোলাম রব্বানী।
কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই সিদ্ধান্ত নিয়েছেন। স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক মো. ওসমান গনি শুক্রবার (২০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে। মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে কথাকাটাকাটির জেরে বিএনপির দুই অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান জানান, কেন্দ্রীয় কমিটি ঘটনার তথ্য যাচাই-বাছাই করে সংশ্লিষ্টদের দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, দু’পক্ষের সংঘর্ষে নাগরিকদের নিরাপত্তা বিবেচনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।
কালনী ভিউ ডেস্কঃ 

















