সুনামগঞ্জের দিরাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার দুই এজাহারভুক্ত আসামিসহ বিভিন্ন মামলার ও পরোয়ানাভুক্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত দিরাই থানা ও সিলেট মহানগর এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই (নিঃ) কানন কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ সিলেট মহানগর এলাকায় অভিযান চালিয়ে দিরাই থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারার মামলার (এফআইআর নং-৫, তারিখ: ৬ জুলাই ২০২৬) এজাহারভুক্ত দুই আসামি শানিয়াল মিয়া (১৯) ও রফু মিয়া (২২)-কে গ্রেপ্তার করেন।
একই অভিযানে এএসআই (নিঃ) প্রদীপ চন্দ্র বর্মন সঙ্গীয় ফোর্সসহ হত্যা মামলার জিআর পরোয়ানাভুক্ত আসামি মামুন হোসেন ওরফে ছুরুক মিয়াকে গ্রেপ্তার করেন।
এছাড়া আদালতের পৃথক নন-জিআর পরোয়ানাভুক্ত আসামি পিকেশ দাস, হুমায়ুন কবির ও ধরনী বৈষ্ণবকে দিরাই থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, পলাতক আসামি ও আদালতের পরোয়ানাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে দিরাই থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।
নিজস্ব প্রতিবেদকঃ 
















