ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে ৪ লাখ ৬০ হাজার ৪৮০টি ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার সকাল ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৮২৪ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ৭ হাজার ৭৫ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন।
এছাড়া, ৪ লাখ ৯১ হাজার ৬৮২ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্যে ৩ লাখ ৫৫ হাজার ৪৩১টি ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে।
একই সঙ্গে দেশের অভ্যন্তরে অবস্থানরত (আইসিপিভি) ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন পর্যন্ত দেশের ভেতরে নিবন্ধিত ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১০টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ৫ লাখ ২৮ হাজার ১৫৬ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৪ লাখ ৭৩ হাজার ১৪৪ জন ভোট দিয়েছেন এবং ৪ লাখ ২৯ হাজার ৮৮২ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এ পর্যন্ত ২ লাখ ১৫ হাজার ৮৫০টি ব্যালট গ্রহণ করেছেন।
সব মিলিয়ে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
কালনী ভিউ ডেস্কঃ 
















