অন্তর্বর্তী সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন– র্যাবের নাম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। এই এলিট ফোর্সের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’। দ্রুততম সময়ে এই বিষয়ে সরকারি আদেশ জারি করা হবে বলে জানা গেছে।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়টি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।তিনি বলেন, ‘বাহিনীটির কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পোশাকও বানানো হচ্ছে।’স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এই বাহিনীর নাম নিয়ে জনগণের নানা প্রশ্ন ছিল বলেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে বাহিনীর পোশাক পরিবর্তন হবে। তাদের কাজেরও অনেক পরিবর্তন হবে।
এদিকে পুলিশের মনোবল ও কর্মক্ষমতা আগের তুলনায় বেড়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো সমস্যা হবে না।
মব কালচার থেকে বেরিয়ে আসতে অনেক সময় লেগেছে, তবে আগামী নির্বাচন খুবই ভালোভাবে সম্পন্ন হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।এদিকে, অন্তর্বর্তী সরকারের সময়ে কেবল সেনাবাহিনীর মাধ্যমে এ পর্যন্ত ৭ হাজার ৭৩১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।
দ্য আর্মড পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৯ (সংশোধনী ২০০৪) অনুসারে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যদের নিয়ে র্যাব গঠিত হয়। র্যাবের সদর দফতর ঢাকার উত্তরায় অবস্থিত।র্যাব গঠনের প্রাথমিক পর্যায়ে এ বাহিনীর নাম ছিল র্যাপিড অ্যাকশন টিম (র্যাট)। তবে পরবর্তীতে র্যাব নামে এই ফোর্সটি আত্মপ্রকাশ করে। ২০০৪ সালে র্যাব গঠিত হয়। ২২ বছর পর এবার এই নামটি বদলে ফেলা হচ্ছে।
কালনী ভিউ ডেস্কঃ 



















