সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেতা ও বর্ষীয়ান রাজনীতিবিদ নাছির উদ্দীন চৌধুরীর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তবে এতে নেতাকর্মীদের স্বল্প উপস্থিতি নিয়ে বিএনপির একাধিক প্রবীণ ও ত্যাগী নেতার মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দিরাই পৌর শহরের থানা রোডে বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী।
দোয়া মাহফিলে নেতাকর্মীদের স্বল্প উপস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে বিএনপির একাধিক প্রবীণ ও ত্যাগী নেতা বলেন, নাছির উদ্দীন চৌধুরী দিরাই-শাল্লার গণমানুষের নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। অতীতে তাঁর আহ্বানে অল্প সময়ের মধ্যেই বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটেছে। এমন একজন প্রবীণ ও জনপ্রিয় নেতার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তুলনামূলক কমসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি তাদের হতাশ করেছে।
তাদের অভিযোগ, নাছির উদ্দীন চৌধুরীর রাজনৈতিক নেতৃত্ব ও সহযোগিতায় অনেকে বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছেন। অথচ তাঁর অসুস্থতার সময়ে আয়োজিত দোয়া মাহফিলে তাদের অনেকের অনুপস্থিতি দুঃখজনক। এ ধরনের আয়োজনে বিএনপির দায়িত্বশীল নেতাদের আরও সক্রিয় ভূমিকা পালন করা উচিত ছিল বলে মনে করেন তাঁরা।
ক্ষুব্ধ নেতারা বলেন, নাছির উদ্দীন চৌধুরীর সুস্থতা কামনায় আরও বড় পরিসরে দোয়া মাহফিলের আয়োজন করা প্রয়োজন ছিল। এতে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে নেতার প্রতি তাদের শ্রদ্ধা, ভালোবাসা ও রাজনৈতিক দায়বদ্ধতার প্রতিফলন ঘটত।
তারা আশা প্রকাশ করেন, বিএনপির দায়িত্বশীল নেতারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করবেন। তাদের মতে, নাছির উদ্দীন চৌধুরীর সঙ্গে দিরাই-শাল্লার মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততা রয়েছে। তাই তাঁর সুস্থতা কামনায় নেতাকর্মীদের আরও ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশিত ছিল।
নিজস্ব প্রতিবেদকঃ 











