সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সার ডিলার নিয়োগে অর্থবাণিজ্য ও অনিয়মের অভিযোগ তুলে নিয়োগপ্রক্রিয়া স্থগিত এবং বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ ডাকবাংলোর সামনে ‘শাল্লা উপজেলার সচেতন জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
শাল্লা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শহীদ মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, শাল্লা ইউনিয়ন বিএনপির সদস্য শফি মিয়া, শাল্লা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাব্বুল হোসেন রাফি এবং ছাত্রদল নেতা সবুজ হোসেন বাবুসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় ও প্রভাব বিবেচনায় নেওয়া হয়েছে। তাঁদের দাবি, যাচাই-বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব পালনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁরা অভিযোগ করেন, ৩ নম্বর বাহাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতির স্ত্রীর নামে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। ওই চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ডেভিল হান্ট’ অভিযানে করা মামলার আসামি হওয়ার অভিযোগও তোলেন বক্তারা। এ ছাড়া হবিবপুর ইউনিয়নে সক্রিয় ছাত্রলীগের এক কর্মীকে ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ করেন তাঁরা।
বক্তারা বলেন, সার ডিলার নিয়োগে কারা প্রভাব বিস্তার করেছেন এবং কোন প্রক্রিয়ায় এসব নিয়োগ দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাঁরা বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের নজরে আনার পাশাপাশি নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন থেকে সার ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া স্থগিত করে অভিযোগ তদন্তের মাধ্যমে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট নিয়োগ বাতিলের দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।
কালনী ভিউ ডেস্কঃ 














