সুনামগঞ্জের শাল্লায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপনের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে এক তরুণী (২০) ঘর ছেড়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে এ ঘটনায় তরুণীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়ে দাবি করেছেন, তার মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর তরুণীকে উদ্ধারে এবং ঘটনার বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) দুপুরে শাল্লা থানায় ওই তরুণীর বাবা লিখিত অভিযোগ করেন। এর আগে শনিবার একই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
ওই তরুণী শাল্লা উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের হিন্দু ধর্মাবলম্বী এক কৃষকের মেয়ে। আর অভিযুক্ত তোফাজ্জুল হক বাপন উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের বিরন মিয়ার ছেলে।
তরুণীর পরিবারের অভিযোগ, বাপন তার মেয়েকে নিয়ে যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে স্থানীয় একাধিক সূত্রের দাবি, বাপনের সঙ্গে ওই তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের জেরেই তিনি স্বেচ্ছায় বাপনের সঙ্গে ঘর ছেড়েছেন। বিষয়টি এখনো পুলিশি তদন্তাধীন হওয়ায় তরুণী স্বেচ্ছায় গেছেন, নাকি তাকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
শাল্লা থানার ওসি মো. সোহেল বলেন, ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের এক তরুণীকে নিয়ে যাওয়ার অভিযোগে শনিবার থানায় একটি জিডি করা হয়েছিল। রোববার দুপুরে তার বাবা সরাসরি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তরুণীকে উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তোফাজ্জুল হক বাপনের ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না বলেন, বাপনের বিরুদ্ধে থানায় একটি মেয়েকে অপহরণের অভিযোগ করা হয়েছে বলে শুনেছি। বিষয়টি জানার পর সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা ছাত্রদলের সভাপতিকে জানানো হয়েছে।
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক উবায়দুল ইসলাম বলেন, কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খোঁজখবর নিয়ে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। তরুণীকে উদ্ধার করা গেলে তার বক্তব্যের ভিত্তিতে তিনি স্বেচ্ছায় ঘর ছেড়েছেন, নাকি তাকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে অধিকতর পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
কালনী ভিউ ডেস্কঃ 









