ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করে তুলতে লন্ডনের অন্যতম ঐতিহাসিক স্থাপনা টাওয়ার অব লন্ডন পরিদর্শন করেছেন ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব স্কটল্যান্ডের (UWS) লন্ডন ক্যাম্পাসের বাংলাদেশি শিক্ষার্থীরা।
স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব স্কটল্যান্ড, লন্ডন ক্যাম্পাসের উদ্যোগে বুধবার (৩০ সেপ্টেম্বর) এ শিক্ষামূলক পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকালে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার থেকে যাত্রার মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়।
টাওয়ার অব লন্ডনে পৌঁছে শিক্ষার্থীরা ব্রিটিশ রাজপরিবারের ইতিহাস, ঐতিহাসিক স্থাপত্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পান। স্থাপনাটির বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি বিশ্ব ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণ ও এর ঐতিহাসিক মূল্য সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন তারা।
স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আব্দুর রহিম বলেন, ঐতিহাসিক স্থাপনা সরাসরি পরিদর্শনের মাধ্যমে ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ আরও গভীর হয়। প্রবাসে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন ব্রিটিশ ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নিজেদের সাংস্কৃতিক পরিচয় ধারণ ও বিকাশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সহকারী অধ্যাপক ও লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের (এসওএএস) এমডিএস-এর শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল হান্নান এবং ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান।
তাঁদের অংশগ্রহণে শিক্ষার্থীদের এ আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষার সমন্বয়ে আয়োজিত এ পরিদর্শন শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে।
শাহ মনসুর আলী নোমান, লন্ডন: 








