‘দক্ষ যুব গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে দিরাই উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে র্যালিটি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন সহকারী জহির রায়হানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মিনহাজুর রহমান, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী উজ্জ্বল খান। এ সময় বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে যুবসমাজের উন্নয়নে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ছয়জন যুবক-যুবতীর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
নিজস্ব প্রতিবেদকঃ 








