সুনামগঞ্জ-২ দিরাই ও শাল্লা আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী বিজয়ী হয়েছেন।
জেলা রিটার্নিং অফিসার ড. আবদুল আহাদ রাত ১ টার দিকে সব কেন্দ্রের ফলাফল সংগ্রহ ও পোস্টাল ভোট গণনা শেষে এই আসনের চূড়ান্ত ফল ঘোষণা করেন।
ফলাফলে দেখা যায়, নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ৯৯,৫২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মুহাম্মদ শিশির মনির পেয়েছেন ৬৩,২২০ ভোট। এছাড়া কাস্তে প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী নিরঞ্জন দাস পেয়েছেন ১,২৩২ ভোট। এ হিসাবে নাছির উদ্দিন চৌধুরী প্রায় ৩৬ হাজার ভোটের ব্যবধানে জয় লাভ করেন।
এই আসনে মোট ৩ লাখ ৬ হাজার ৫২ জন ভোটার ছিলেন। দিরাই ও শাল্লা উপজেলায় মোট ১১১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ফলাফলের হিসাব অনুযায়ী এই আসনে মোট ভোট পড়েছে আনুমানিক ৫৪ শতাংশ।
ভোটগ্রহণ শেষে সন্ধ্যা থেকে শুরু হয় গণনা কার্যক্রম। একে একে কেন্দ্রগুলোর ফলাফল যোগ করে রাত ১ টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেসরকারিভাবে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয়েছে।তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশের মাধ্যমে ফলাফল চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ 
















