ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী মাসিক মোট ১ লাখ ৬৫ হাজার টাকা বেতন ও ভাতা পাবেন।
সংসদ সদস্য হিসেবে তার মূল বেতন নির্ধারিত হয়েছে ৫৫ হাজার টাকা। এর পাশাপাশি নির্বাচনী এলাকা পরিচালনার জন্য মাসিক ১২ হাজার ৫০০ টাকা ভাতা প্রদান করা হবে। আপ্যায়ন ভাতা হিসেবে তিনি মাসে ৫ হাজার টাকা এবং পরিবহন বাবদ ৭০ হাজার টাকা পাবেন, যা জ্বালানি, গাড়ির রক্ষণাবেক্ষণ ও চালকের বেতনসহ অন্যান্য খরচের জন্য বরাদ্দ থাকে।
এ ছাড়া অফিস পরিচালনার ব্যয় হিসেবে মাসে ১৫ হাজার টাকা, লন্ড্রি ভাতা ১ হাজার ৫০০ টাকা এবং বিবিধ খরচের জন্য ৬ হাজার টাকা প্রদান করা হয়। সব মিলিয়ে মাসিক বেতন ও ভাতার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৬৫ হাজার টাকা। বেতনের বাইরে দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতে এসব ভাতা নির্ধারিত রয়েছে।
এ ছাড়া সংসদ সদস্যরা শুল্ক, ভ্যাট ও করমুক্ত সুবিধায় একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানির সুযোগ পান।
চিকিৎসা সুবিধার ক্ষেত্রেও রয়েছে বিশেষ সুযোগ। সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যরা সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা ভোগ করেন।
নিজস্ব প্রতিবেদকঃ 
















