সারাদেশের ন্যায় সিলেটেও আজ শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৮৯ হাজার ৪২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। তবে গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ১২ হাজার ৭৯৮ জন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হচ্ছে এবারের পরীক্ষা। সিলেট বিভাগের চার জেলার ২২৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এ বছর ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন এবং ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন।
জেলাভিত্তিক হিসেবে সিলেট জেলায় সবচেয়ে বেশি ৩৫ হাজার ৩৩১ জন পরীক্ষার্থী রয়েছে। এ জেলায় ৩৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৯৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ছাত্র ১৪ হাজার ৩২১ জন এবং ছাত্রী ২১ হাজার ১০ জন।
সুনামগঞ্জ জেলায় ২৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৪৫টি কেন্দ্রে ১৮ হাজার ৩৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৫১৫ জন এবং ছাত্রী ১০ হাজার ৮৬৮ জন।
মৌলভীবাজার জেলায় ১৯ হাজার ৯১৩ জন পরীক্ষার্থী ৩৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। এ জেলার ১৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৬৩১ জন এবং ছাত্রী ১২ হাজার ২৮২ জন।
হবিগঞ্জ জেলায় ১৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৪৯টি কেন্দ্রে ১৫ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র ৬ হাজার ৬৩ জন এবং ছাত্রী ৯ হাজার ৭৩১ জন।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মানবিক বিভাগে সবচেয়ে বেশি ৫৮ হাজার ৩২ জন পরীক্ষার্থী রয়েছে। বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ১৫৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬ হাজার ২৩১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহমদ জানান, ছেলেদের বিদেশমুখী প্রবণতা এবং পারিবারিক নানা কারণে পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়ার প্রবণতা থাকায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। অন্যদিকে মেয়েদের মধ্যে এ প্রবণতা তুলনামূলক কম।
কালনী ভিউ ডেস্কঃ 


















