দিরাই উপজেলা বিএনপিকে ঘিরে চলমান সাংগঠনিক সংকটের মধ্যে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন উপজেলা বিএনপির তিন নেতা। তারা হলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন এবং যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার।
স্থানীয় বিএনপির একাধিক সূত্র জানায়, আগামী শনিবার নাছির উদ্দিন চৌধুরীর দিরাই সফরকে সামনে রেখে রোববার সকালে ওই তিন নেতা বিমানে ঢাকায় যান। বিমানবন্দর থেকে তারা সরাসরি সংসদ সদস্যের বাসভবনে গিয়ে বৈঠকে অংশ নেন। সেখানে দিরাই উপজেলা বিএনপির সাম্প্রতিক সাংগঠনিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এর আগে গত বৃহস্পতিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ও পৌর বিএনপির স্বাক্ষরক্ষমতাপ্রাপ্ত চারজনের মধ্যে তিনজনসহ অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। ওই সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনকে পদ থেকে অব্যাহতির জন্য সুপারিশের সিদ্ধান্তসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ঐক্যবদ্ধভাবে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
তবে ২১ সদস্যবিশিষ্ট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়কসহ চারজন নেতাকে ওই সভায় আমন্ত্রণ জানানো হয়নি। বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দেয়।
বৈঠকসংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে তিন নেতা সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন। তারা অভিযোগ করেন, আহ্বায়ককে বাদ দিয়ে অনুষ্ঠিত যৌথসভাটি পরিকল্পিতভাবে করা হয়েছে এবং এর মাধ্যমে নাছির উদ্দিন চৌধুরীর রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হয়েছে। একই সঙ্গে যৌথসভায় আহ্বায়ককে অব্যাহতির সিদ্ধান্ত কার্যকর না করতে জেলা বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে আলোচনা করার জন্য সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।
সূত্রগুলোর ভাষ্য, এ সময় নাছির উদ্দিন চৌধুরী বিষয়টি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন এবং সাংগঠনিক বিষয়গুলো যথাযথভাবে দেখার আশ্বাস দেন।
বৈঠকে আরও অভিযোগ করা হয়, সংসদ সদস্যের প্রতিনিধির সঙ্গে তাদের প্রয়োজনীয় সমন্বয় হচ্ছে না। ফলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে তারা অবগত থাকছেন না। উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কাছ থেকেও প্রত্যাশিত সহযোগিতা ও গুরুত্ব পাচ্ছেন না বলেও তারা সংসদ সদস্যকে জানান। ভবিষ্যতে গুরুত্বপূর্ণ বিষয়ে স্থানীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানালে নাছির উদ্দিন চৌধুরী বিষয়টি বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ছাড়া আগামী সপ্তাহে নাছির উদ্দিন চৌধুরীর দিরাই সফর এবং নির্ধারিত বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
বৈঠক শেষে তিন নেতা রাতেই বিমানে সিলেট হয়ে দিরাই ফিরে আসেন।
তবে বৈঠকের বিষয়ে জানতে সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে মন্তব্য পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদকঃ 
















