বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান দীর্ঘ অভিনয়জীবনে পেয়েছেন ব্যাপক সাফল্য। তবে ক্যারিয়ারের শুরুতে নেওয়া একটি সিদ্ধান্ত নিয়ে এখনো আক্ষেপ রয়েছে তাঁর। অভিনয়ে আসার জন্য একাদশ শ্রেণির পর পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন তিনি।
সম্প্রতি হনুমান দাসের সঙ্গে এক কথোপকথনে নিজের শিক্ষাজীবন প্রসঙ্গে কারিনা বলেন, তিনি পড়াশোনা শেষ করতে পারেননি। বিষয়টি এখনো তাঁকে ভাবায়। একাদশ শ্রেণির পর সিনেমায় আসার কারণে আর পড়াশোনা চালিয়ে যাননি বলে জানান অভিনেত্রী।
তখন অভিনয়কেই নিজের স্বপ্ন হিসেবে বেছে নিয়েছিলেন কারিনা। পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে আসার কারণে সমালোচনার মুখে পড়তে পারেন, সেটিও জানতেন। এরপরও নিজের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে অভিনয়জীবন শুরু করেন। পরবর্তী সময়ে সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেলেও অসম্পূর্ণ শিক্ষাজীবনের আক্ষেপ এখনো রয়ে গেছে তাঁর।
নিজের অভিজ্ঞতা থেকে দুই ছেলে তৈমুর ও জেহর ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন কারিনা। সন্তানদের আগে পড়াশোনা শেষ করে পরে নিজেদের পছন্দের পথ বেছে নেওয়ার পরামর্শ দেন তিনি।
কারিনা বলেন, ‘এই কারণেই আমি আমার ছেলেদের আগে পড়াশোনা শেষ করতে বলি, তারপর নিজেদের মনের কথা অনুসরণ করতে বলি।’
মেয়েদের শিক্ষার বিষয়েও দীর্ঘদিন ধরে কাজ করছেন কারিনা। ২০১৪ সাল থেকে ইউনিসেফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। মেয়েদের শিক্ষা, লিঙ্গসমতা এবং শিশুদের মানসম্মত শিক্ষার অধিকার নিয়ে বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন এই অভিনেত্রী।
কারিনার মতে, জীবনে শিক্ষার গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। দাতব্য কাজ নিয়েও নিজের অবস্থান তুলে ধরে তিনি মনে করেন, মানুষের পাশে দাঁড়ানো উচিত নিজের বিশ্বাস ও ইচ্ছা থেকে, লোক দেখানোর জন্য নয়।
মা হিসেবে তৈমুর ও জেহকে বড় করার অভিজ্ঞতাও কারিনার কাছে আলাদা। বোন কারিশমা কাপুরের সঙ্গে বেড়ে ওঠায় ছেলেদের জগৎ তাঁর কাছে অনেকটাই নতুন। মজা করে নিজেকে ‘ফুটবল মম’ ও ‘ক্রিকেট মম’ বলেও উল্লেখ করেছেন তিনি।
সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি সহানুভূতি ও দয়ার মতো গুণ দেখতে চান কারিনা। তাঁর বিশ্বাস, এই দুই গুণ একজন মানুষকে জীবনে অনেক দূর এগিয়ে নিতে পারে।
বড় ছেলে তৈমুরের খেলাধুলার প্রতি আগ্রহও দিন দিন বাড়ছে। ক্রিকেট কিংবা ফুটবলে আন্তর্জাতিক পর্যায়ে খেলার স্বপ্ন রয়েছে তার। ছেলের এই ইচ্ছাকে সমর্থন করেন কারিনা। তবে বাবা-মা অভিনয়জগতের মানুষ বলে সন্তানকেও অভিনয়ে আসতে হবে, এমন ধারণায় বিশ্বাসী নন তিনি।
তৈমুর ভবিষ্যতে যে পেশাই বেছে নিক না কেন, নিজের পছন্দ অনুযায়ী এগিয়ে যাওয়ার স্বাধীনতা দিতে চান কারিনা।
উল্লেখ্য, সাইফ আলি খান ও কারিনা কাপুর খান ২০১২ সালে বিয়ে করেন। ২০১৬ সালে তাঁদের প্রথম সন্তান তৈমুরের জন্ম হয়। এরপর ২০২১ সালে তাঁদের পরিবারে আসে ছোট ছেলে জেহ।
কালনী ভিউ ডেস্কঃ 














