র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জের যৌথ অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলা-র পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পণ্যের মোড়ক সঠিকভাবে ব্যবহার না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান ব্যবহার, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে সরবরাহ না করা এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযানে বর্ণফুল (সুনামগঞ্জ সদর)কে ৫ হাজার টাকা, অশোক বিশ্বাসের কলার আড়তকে ৩০ হাজার টাকা, সিম্পল নামক প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা, তাওসিয়া গ্যাস হাউজকে ৩ হাজার টাকা এবং সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান রয়েছে।
কালনী ভিউ ডেস্কঃ 

















