দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে খালেদ মাহমুদ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের বরাতে জানা গেছে, খালেদ মাহমুদ সকালে জোহানেসবার্গ শহর থেকে এলিছপার্ক ইন্ডাস্ট্রিয়াল স্ট্রিট এলাকায় গাড়ি পার্কিংয়ে প্রবেশ করার সময় সন্ত্রাসীদের গুলির শিকার হন। এ সময় তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জোহানেসবার্গের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত খালেদ মাহমুদ সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা। তিনি প্রায় ১৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। সেখানে তিনি তার মামার প্রোপার্টি ব্যবসা দেখাশোনা করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, খালেদ গত বছর দেশে এসে বিয়ে করেছিলেন। তার দেশে মা-বাবা, স্ত্রী ও তিন বোন রয়েছেন। হঠাৎ এই মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের মামা আফরোজ উদ্দিন জানান, খালেদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী সোম বা মঙ্গলবারের মধ্যে মরদেহ বাংলাদেশে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে। দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা প্রকাশ করছেন তারা।
কালনী ভিউ ডেস্কঃ 







