সিলেটে কোতোয়ালি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর ) বিকেলে নগরীর সুরমা পয়েন্ট ও বন্দরবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় সুরমা পয়েন্ট এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী আশিকুর রহমান টিপু (৪১)-কে আটক করা হয়। পুলিশের দাবি, তিনি সাধারণত আদালত এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা, একটি দ্রুত বিচার মামলা, তিনটি চুরি মামলা ও একটি মাদক মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।
অন্যদিকে, একই দিন বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে বন্দরবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে পেশাদার পকেটমার ও চোর হিসেবে পরিচিত শরীফ আহমদ (৩৪)-কে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দুটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা চলমান রয়েছে।
গ্রেফতারকৃত আশিকুর রহমান টিপু হবিগঞ্জ জেলার বাহুবল থানার ভবানীপুর গ্রামের মৃত আইয়ূব আলীর ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন বাগবাড়ী এলাকার নরসিংটিলায় বসবাস করেন।
অপর গ্রেফতারকৃত শরীফ আহমদ সুনামগঞ্জ জেলার দিরাই থানার দৌলতপুর গ্রামের মো. আনিছ মিয়ার ছেলে। বর্তমানে তিনি সিলেটের শাহপরান থানাধীন বিএডিসি মীর মহল্লার মানিক মিয়ার কলোনিতে বসবাস করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কালনী ভিউ ডেস্কঃ 








