সিলেটের কানাইঘাট উপজেলায় মাটি বহনকারী একটি ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে হাফিজুর রহমান (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বীরদল হাওড় সানন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান কানাইঘাট সদর ইউনিয়নের নিজ চাউরা উত্তর গ্রামের কুয়েতপ্রবাসী আবুল কাশেমের একমাত্র ছেলে। সে নিজ চাউরা কিণ্ডারগার্টেন হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজুর তার মা ও দুই বোনকে নিয়ে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। শনিবার সন্ধ্যার দিকে মামার বাড়ি থেকে বের হয়ে পাশের সড়কে ওঠার সময় দ্রুতগতিতে আসা মাটি বহনকারী একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে এবং ট্রাক্টরটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে যান। তবে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন আরও দুটি ট্রাক্টরের চালককে আটক করে বীরদল লক্ষীপুর গ্রামের একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখেন বলে জানা গেছে।
খবর পেয়ে কানাইঘাট থানা–পুলিশ হাসপাতালে পৌঁছে নিহত শিক্ষার্থীর সুরতহাল সম্পন্ন করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পুলিশের হেফাজতে নেওয়া হয়।
হাফিজুর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে তার স্বজন ও প্রতিবেশীরা ভিড় করেন। তারা ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এলাকাবাসীর অভিযোগ, বীরদল এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টর ও ট্রাকের মাধ্যমে বিক্রি করছে। এতে একদিকে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, অন্যদিকে ধুলাবালির কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং গ্রামীণ সড়ক দ্রুত নষ্ট হয়ে পড়ছে।
এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
কালনী ভিউ ডেস্কঃ 









