সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বাবার দায়ের কোপে রায়কা আক্তার রিয়া (১৭) এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রায়কা আক্তার রিয়া গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের আবু বক্করের মেয়ে। তিনি ঘটনার সময় তার নানার বাড়ি ইনাম গ্রামে অবস্থান করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে রিয়া নানার বাড়ির পুকুরে গোসল করতে গেলে তার বাবা আবু বক্কর এতে আপত্তি জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আবু বক্কর ধারালো দা দিয়ে মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল করিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার তদন্তও অব্যাহত রয়েছে।
পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।
কালনী ভিউ ডেস্কঃ 
















