সুনামগঞ্জের দিরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে দিরাই পৌরসভার ভরারগাঁও ব্রিজসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন দিরাই উপজেলার মাহতাবপুর গ্রামের হিমেল দাস (১৯) ও জয় দাস (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিরাই থেকে বাড়ি ফেরার পথে ভরারগাঁও ব্রিজসংলগ্ন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয় তারা। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) প্রশান্ত দাস তালুকদার বলেন, গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
নিজস্ব প্রতিবেদকঃ 










