সিলেট-তামাবিল ট্রাক চাপায় তাহসিন আহমদ (১৪) নামে মোটরসাইকেল আরোহি এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১০ মে) বিকেল ৫টার দিকে ওই সড়কে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাহসিন আহমদ উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের হরিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। দুর্ঘটনায় তাহের আহমদ (১৫) নামে অপর আরোহি গুরুতর আহত হয়েছেন। তার বাবার নামও জয়নাল আবেদীন এবং একই গ্রামের বাসিন্দা।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।
তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে দুই আরোহি ছিলেন। ঘটনার সময় বিপরীতগামি এক দ্রুত গতির ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহি রাস্তায় ছিটকে পড়েন। এতে তাহসিন আহমদ ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় অপর আরোহি তাহের আহমদ গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
কালনী ভিউ ডেস্কঃ 

















