দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শনিবার (২৩ মে) থেকেই শুরু হচ্ছে ঈদের ছুটি। আগামী ৬ জুন পর্যন্ত একটানা ১৫ দিন বন্ধ থাকবে বিদ্যালয়গুলো। পূর্বের ঘোষণা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় আজ খোলা থাকার কথা ছিল।
তবে শুক্রবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে নতুন নির্দেশনা দেয়। এতে বলা হয়, আজ থেকে ৬ জুন (শনিবার) পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
এছাড়াও আগামী ৭ জুন থেকে যথারীতি বিদ্যালয়সমূহের নিয়মিত ক্লাস ও স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এর আগে, বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক আদেশে বলা হয়েছিল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত অফিস বন্ধ থাকবে এবং ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) বিদ্যালয়গুলো খোলা থাকবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই চিঠির প্রেক্ষিতে বিভিন্ন জেলার শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয় খোলার নির্দেশনা দিলে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টি হয়।
অনেকেই এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ছুটির আগে কয়েকদিন বিদ্যালয় খোলা রাখা শিক্ষার্থীদের উপস্থিতির হার ও পাঠদানের ক্ষেত্রে কোনো অর্থপূর্ণ ভূমিকা রাখবে না। বিষয়টি দ্রুত বিবেচনায় নিয়ে মন্ত্রণালয় নতুন এই নির্দেশনার মাধ্যমে বিভ্রান্তি দূর করলো।
উল্লেখ্য, আগামী ২৮ মে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
কালনী ভিউ ডেস্কঃ 


















