সুনামগঞ্জ জেলায় চলতি বছরের ১ মে থেকে ২২ মে পর্যন্ত মাত্র ২২ দিনে ৮১টি মাদক মামলায় ১০৯ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। একই সময়ে জুয়া আইনে আরও একটি মামলায় ৭ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার ১২টি থানার মধ্যে মাদকবিরোধী অভিযানে সবচেয়ে বেশি মামলা ও গ্রেফতার হয়েছে সুনামগঞ্জ সদর মডেল থানায়। অন্যদিকে সবচেয়ে কম মামলা হয়েছে মধ্যনগর থানায়।
পরিসংখ্যান অনুযায়ী, সুনামগঞ্জ সদর মডেল থানায় ২০টি মাদক মামলায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিশ্বম্ভরপুর থানায় ১২টি মামলায় ১৫ জন, শান্তিগঞ্জ থানায় ৫টি মামলায় ৮ জন, ছাতক থানায় ৮টি মামলায় ৭ জন, জগন্নাথপুর থানায় ৪টি মামলায় ৭ জন, দোয়ারাবাজার থানায় ৮টি মামলায় ৫ জন, তাহিরপুর থানায় ৭টি মামলায় ১১ জন, দিরাই থানায় ৪টি মামলায় ৩ জন, শাল্লা থানায় ২টি মামলায় ৩ জন, জামালগঞ্জ থানায় ৫টি মামলায় ৫ জন এবং ধর্মপাশা থানায় ৫টি মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মধ্যনগর থানায় ১টি মাদক মামলায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে তাহিরপুর থানায় পৃথক একটি জুয়া মামলায় ৭ জনকে আটক করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার বলেন, “পহেলা মে থেকে ২২ মে পর্যন্ত জেলার ১২টি থানায় মোট ৮১টি মাদক মামলা রুজু করা হয়েছে। এসব মামলায় ১০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি জুয়া আইনে একটি মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। ম্যাজিস্ট্রেটদের সহায়তায় মোবাইল কোর্টও পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে। বর্তমানে অনলাইন জুয়াও ভয়াবহ আকার ধারণ করেছে। এটি প্রতিরোধেও আমরা কাজ করে যাচ্ছি এবং জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।”
অন্যদিকে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখের নেতৃত্বে মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। এ বিষয়ে মাইকিং করে তিনি জানান, “মাদক কারবারিদের গ্রেফতারকরে আদালতে প্রেরণ করা হচ্ছে। সকলের সহযোগিতায় সুনামগঞ্জকে মাদকমুক্ত, সুন্দর ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি।”
কালনী ভিউ ডেস্কঃ 


















