সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে গরুতে ধানের চারা খাওয়া নিয়ে দুইপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় সেলিম মিয়া (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে উত্তর গড়গড়ি গ্রামের জমির আলীর বাড়িসংলগ্ন জমিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর গড়গড়ি গ্রামের জমির আলীর জমির ধানের চারা খাওয়া নিয়ে ওই গ্রামের লাল মিয়ার ছেলে জিয়াউল হক (৪৫) এবং মৃত ইসমাইল মিয়ার ছেলে জমির আলীর (৪০) লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে জিয়াউল হকের পক্ষে দুলাল মিয়া (৪০) এবং জমির আলীর পক্ষে সেলিম (৬৫) ও রফিক মিয়াসহ (৪০) উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত সেলিম মিয়াকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জমির আলীর চাচাতো ভাই আজমত মিয়া জানান, ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এ সংঘর্ষের সৃষ্টি হয় এবং হাসপাতালে নেওয়ার পথেই জমির আলীর মৃত্যু ঘটে।
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত আছে এবং মরদেহ সিলেটে ওসমানী হাসপাতালে আছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।
কালনী ভিউ ডেস্কঃ 


















