সুনামগঞ্জে মশার কয়েল থেকে লাগা আগুনে সালেমা খাতুন নামের এক ষাটোর্ধ্ব বৃদ্ধা মারা গেছেন।
বুধবার (৪ মার্চ) ভোররাতে সদর উপজেলার সুরমা ইউনিয়নের আমিরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সালেমা খাতুন একই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মশার কয়েল জ্বালিয়ে সালেমা খাতুন একা ঘুমিয়ে ছিলেন। এ সময় তার স্বামী ঘরে ছিলেন না। বাড়িতে থাকা ছোট ছেলে অন্য রুমে ঘুমে ছিল। কয়েলের আগুন থেকে সালেমার খাটে আগুন লেগে যায়। বসতঘর আধাপাকা হওয়ায় আগুন বাইরে যায়নি।
প্রতিবেশী রাহেলা বেগম বলেন, সাহরির জন্য জেগে দেখি নজরুল ইসলামের ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে তাদেরকে ডাকাডাকি করি। গ্রামের মানুষ আগুন নিভিয়েছে। আগুনে পুড়ে ঘুমের মধ্যেই সালেমা খাতুন মারা গেছেন।
সালেমা খাতুনের স্বামী নজরুল ইসলাম বলেন, আমি রাতে অন্য জায়গায় ছিলাম। খবর পেয়ে এসে দেখি ঘরের ভেতরে আগুন ও ধোঁয়া। পানি ও বালি দিয়ে আগুন নেভানো হয়েছে। খাট ও বিছানা আগুনে পুড়ে গেছে। ছেলে জানিয়েছে তার মা মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়েছিল।
সুরমা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আফসান পারভেজ বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছি। আগুনে পুড়ে ঘরের ভেতরেই ওই নারী মারা গেছেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
এ তথ্যটি নিশ্চিত করেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মশার কয়েলের আগুন থেকে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা গেছে।
তিনি আরও বলেন, আগুন পুড়ে মহিলার শরীর অঙ্গার হয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কালনী ভিউ ডেস্কঃ 









