সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতল ভবন থেকে পড়ে গিয়ে ভর্তিকৃত এক রোগী মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের বাসিন্দা শেখ সাজ্জাদ মিয়া (৭০) গত ২ মার্চ শ্বাসকষ্ট নিয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। মঙ্গলবার দিবাগত রাত তিনটায় তিনি বাথরুমে যেতে গিয়ে বারান্দার গ্রীল খুলে হাসপাতালের দ্বিতল ভবন থেকে নীচে পড়ে যান। শব্দ পেয়ে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় এক বাসিন্দা জানান, ভর্তিকৃত একজন রোগী হাসপাতালের ওয়ার্ড থেকে পড়ে যায় কেউ বলতে পারে না এরচেয়ে দুঃখ কী হতে পারে। এটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা রয়েছে বলে তিনি মনে করেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিব হাসান রনি জানান, ওই রোগী শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন আমরা তাকে চিকিৎসা দিয়ে যাচ্ছিলাম। ঘটনার সময় রাতে তিনি কীভাবে বারান্দার গ্রিল খুলে রেলিং পেরিয়ে ওপর থেকে নীচে পড়লেন তা বুঝে উঠা যাচ্ছে না। তিনি চোখে দেখতে পারেন না, তাঁর কোন স্বজনও সঙ্গে ছিল না। আমরা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।
কালনী ভিউ ডেস্কঃ 













