সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের তাৎক্ষণিক অভিযানে হানিট্র্যাপ চক্রের ২ নারীসহ মোট ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে দুইজন ভিকটিমকে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে কোতোয়ালী থানাধীন মেন্দিবাগ পয়েন্ট এলাকা থেকে মাহমুদুল হাসান রিফাত (২৫) ও তার বন্ধু মাহফুজ আলী (২৫)-কে কৌশলে সিএনজি অটোরিক্সায় তুলে নেয় চক্রের সদস্য মো. আব্দুল জলিল (৩০)। অটোরিক্সাটি চালাচ্ছিলেন অপর সদস্য মো. জায়েদ আহমদ (৩৫)।
পরবর্তীতে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে তাদের যতরপুর এলাকার নবপুষ্প-১১৩ নম্বর বাসার ৫ম তলায় নিয়ে গিয়ে পূর্বপরিকল্পিতভাবে জিম্মি করা হয়। সেখানে আগে থেকেই অবস্থান করছিল চক্রের মূলহোতা তানজিলা আক্তার ওরফে রাবেয়া বেগম তানহা (২৭) এবং জেসমিন আক্তার (২২)সহ আরও কয়েকজন সহযোগী।
চক্রের সদস্যরা ভিকটিমদের ওপর ধারালো অস্ত্র প্রদর্শন করে এবং ইলেকট্রিক শক দিয়ে শারীরিক নির্যাতন চালায়। একপর্যায়ে তাদের জোরপূর্বক উলঙ্গ করে অশ্লীল ভিডিও ধারণ করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
পরবর্তীতে ভিকটিম রিফাত আত্মীয়-স্বজনের কাছ থেকে ৯০ হাজার টাকা সংগ্রহ করে দেয়। তবে বিষয়টি সন্দেহজনক মনে হলে ভিকটিমদের পরিবার কোতোয়ালী মডেল থানায় অবহিত করে।
এর প্রেক্ষিতে সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকিরের দিকনির্দেশনায় শুক্রবার(১০ এপ্রিল) ভোর ৪টা ২০ মিনিটে এসআই (নিঃ) আনোয়ারুল ইসলাম পাঠানের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভিকটিমদের উদ্ধার এবং ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়।
এ সময় ঘটনায় ব্যবহৃত একটি প্রাইভেট কার, একটি সিএনজি অটোরিক্সা, ৩টি মোবাইল ফোন এবং ভিকটিমদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আইফোন ১৪ প্রো ম্যাক্স ও একটি itel মোবাইল উদ্ধার করা হয়।
ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং-১৯ (তারিখ: ১০/০৪/২০২৬) দায়ের করা হয়েছে। মামলায় পেনাল কোডের ৩৪২/৩২৩/৩৮৫/৩৮৬/৩৮৭/৩৭৯/৪১১/৫০৬/৩৪ ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(১) ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন: ১. তানজিলা আক্তার ওরফে রাবেয়া বেগম তানহা (২৭), পিতা: আজিজুল হক (বাবুল মিয়া), জুবায়ের আহমদ রাজু (সাজু আহমদ), সাং- বাউরবাগ, ২য় খন্ড, সুরইঘাট, কানাইঘাট, সিলেট, ২. মো. আব্দুল জলিল (৩০), পিতা: আলাল উদ্দিন, সাং- মোহাম্মদপুর, জাফলং, গোয়াইনঘাট, সিলেট, ৩. জেসমিন আক্তার (২২), পিতা: জাহাঙ্গীর আলম, সাং- মিরাবাজার, আগপাড়া, কোতোয়ালী, সিলেট, ৪. মো. জায়েদ আহমদ (৩৫), পিতা: তোফাজ্জল আলী, সাং- গঙ্গানগর, মোগলাবাজার, সিলেট।
এ তথ্যটি নিশ্চিত করে এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কালনী ভিউ ডেস্কঃ 
















