সিলেট জেলার গোয়াইনঘাটে গভীর রাতে বসতঘরে ঢুকে কিশোরীকে অপহরণের চেষ্টা করে দুর্বৃত্তরা। বাধা দেওয়ায় কিশোরীর দাদি দিলারা বেগমকে (৫৪) হত্যা করে তারা।
ছুরিকাঘাতে গুরুতর আহত কিশোরী হাসপাতালে ভর্তি।
শনিবার (১৬ মে) দিবাগত ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল মাটিকাঁপা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দিলারা বেগম ওই গ্রামের মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। এই ঘটনায় হাবিবা আক্তার (১৪) নামে কিশোরীও গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা দরজা ভেঙে ঘরে ঢুকে হাবিবা আক্তারের মুখ চেপে ধরে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তার আর্তচিৎকারে মা এগিয়ে এলে দুর্বৃত্তরা তার হাতে কামড় দেয়।
একপর্যায়ে হাবিবা চিৎকার করতে থাকলে তাকে ছুরিকাঘাত করা হয়। চিৎকার শুনে পাশের কক্ষ থেকে দাদি দিলারা বেগম বের হয়ে দরজার সামনে দাঁড়ালে দুর্বৃত্তরা তাকে বুকে ছুরিকাঘাত করলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। ছুরিকাঘাতে দিলারা বেগম মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আহত হাবিবা আক্তারকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ঘরে ঢুকে কিশোরীকে অপহরণ বা ধর্ষণের উদ্দেশ্যে এ হামলা চালাতে পারে।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই হাফিজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন।
কালনী ভিউ ডেস্কঃ 


















