সিলেট নগরীর কোতোয়ালি থানা এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন র্যাব-৯-এর সদস্য ইমন আচার্য্য (বিপি-৯৮১৮২১৯২০৫)।
শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে নগরীর ক্বিনব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় ছিনতাইকারীদের ধাওয়া করছিল কোতোয়ালি থানা পুলিশ। এ সময় ঘটনাস্থলে থাকা র্যাব সদস্য ইমন আচার্য্যও ধাওয়ায় অংশ নেন এবং এক ছিনতাইকারীকে ধরার চেষ্টা করেন।
ধরা পড়ার মুহূর্তে ছিনতাইকারী তার বাম বুকের পাশে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে আইসিসিইউতে ভর্তি করা হয়। পরে দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত ছিনতাইকারীকে ছুরিসহ গ্রেফতার করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কালনী ভিউ ডেস্কঃ 


















