প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীর পালিয়ে বিয়েকে কেন্দ্র করে সুনামগঞ্জের দিরাইয়ে হলিমপুর ও মাটিয়াপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের মধ্যবর্তী মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করিমপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের এক তরুণীকে নিয়ে মাটিয়াপুর গ্রামের এক তরুণ পালিয়ে বিয়ে করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের প্রভাবশালী গোষ্ঠীর মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে দুই গ্রামের প্রভাবশালী পরিবারের সদস্য ও গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র এবং ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দুই গ্রামের অন্তত ২০ জন আহত হন। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুই গ্রামের প্রভাবশালী পরিবারের ছেলে ও মেয়ের প্রেমের সম্পর্ক এবং পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালনী ভিউ ডেস্কঃ 

















