সুনামগঞ্জের শান্তিগঞ্জে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দরগাপাশা ইউনিয়নের ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরব মিয়া (১৫) দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রামের তাদির ইসলামের ছেলে। আহত সাকিবুর ইসলাম (১৫) একই গ্রামের সফিকুল ইসলামের ছেলে।
তারা দু’জনই আক্তাপাড়া মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নিরব মিয়া তার চাচার মোটরসাইকেল নিয়ে সহপাঠী সাকিবুর ইসলামকে সঙ্গে করে পাগলা বাজারে যায়। সেখান থেকে ফেরার পথে সিচনী ব্রিজ এলাকায় পৌঁছালে দ্রুত ও বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই মাথায় গুরুতর আঘাত পেয়ে নিরব মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সাকিবুর ইসলামকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।
নিহতের চাচাতো ভাই সাদেক মিয়া জানান, পরিবারের কাউকে না জানিয়ে নিরব তার চাচার নতুন মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল। ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নোবেল সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কালনী ভিউ ডেস্কঃ 

















