বিশিষ্ট শাহ আবদুল করিম গবেষক, সাহিত্যিক ও সাংবাদিক সুমন কুমার দাস বলেছেন, বই হচ্ছে মনের খোরাক। জ্ঞান অর্জন ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়তে হবে। একটি পাঠাগার হচ্ছে জ্ঞানের ভান্ডার। পাঠাগার থেকে শিক্ষার্থীরা জ্ঞানের পরিধি বাড়ানোর সুযোগ পায়।
তিনি বলেন, মহীয়সী নারী বেগম রোকেয়া, সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী, একুশে পদকপ্রাপ্ত বাউলসম্রাট শাহ আবদুল করিম, পণ্ডিত রামকানাই দাস ও সুষমা দাসসহ দেশবরেণ্য গুণীজনদের জীবন ও কর্ম থেকে শিক্ষার্থীদের শিক্ষা নিতে হবে। তাঁদের মতো অধ্যবসায়ী হয়ে নিজেদের এবং দেশের কল্যাণে কাজ করতে হবে। আলোকিত সমাজ গঠনে পড়াশোনা ও বই পড়ার গুরুত্ব অপরিসীম। তাই পাঠ্যবইয়ের পাশাপাশি প্রতিদিন পাঠাগারে গিয়ে বই পড়তে হবে এবং অন্যদেরও বই পড়তে উৎসাহিত করতে হবে।
শনিবার (৭ নভেম্বর) সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের উমেদনগরে অবস্থিত উদয়ন আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ বুরহান উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা জুনেদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সমাজসেবী আনোয়ার হোসেন রনি ও আফজাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
নিজস্ব প্রতিবেদকঃ 


















