সিলেট বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
দেশের সামগ্রিক উন্নয়নে ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে মোট ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প ১৪টি এবং সংশোধিত প্রকল্প দুটি।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সিলেট বিভাগের চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি বিশেষ গুরুত্ব পেয়েছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ১০৬ কোটি টাকা।
প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোর উন্নয়ন ঘটবে। বিশেষ করে গ্রামীণ সড়ক যোগাযোগ, স্থানীয় পর্যায়ে যাতায়াত এবং অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
একনেক সভায় অনুমোদিত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে রয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা এবং দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধিতে ৬ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকা।
এ ছাড়া জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ, বরিশালের সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে বিভিন্ন এলাকা রক্ষা, রাজধানীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত ১৬টি প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেট বিভাগের চার জেলার জন্য অনুমোদিত ৫ হাজার ১০৬ কোটি টাকার এ প্রকল্পকে গ্রামীণ যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
কালনী ভিউ ডেস্কঃ 















