শুধু আইন প্রণয়ন করে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয়। এ জন্য নারীদের সচেতন হতে হবে এবং নিজেদের অধিকার সম্পর্কে জানতে হবে। পাশাপাশি নারী নির্যাতন প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার।
বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ) আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউএনও সনজীব সরকার বলেন, নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্মের আহ্বানে যাঁরা একত্রিত হয়েছেন, তাঁদের প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। শুধু সভায় উপস্থিত হয়ে আলোচনা শুনলে হবে না, আলোচনার বিষয়বস্তু ও গৃহীত সিদ্ধান্ত বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে।
নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড চালু করেছেন। এর মাধ্যমে নারীদের নামে আর্থিক সহায়তা পৌঁছাবে। এতে পরিবারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ ও ভূমিকা আরও বাড়বে।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সম্পর্কে তিনি বলেন, সংস্থাটি সংঘাত ও সংঘর্ষ প্রতিরোধে কাজ করছে। রাজনৈতিক দলের নেতা, ধর্মীয় নেতা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও নারীদের সম্পৃক্ত করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে। আন্তধর্মীয় সংলাপের মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়নেও কাজ করছে। সব মিলিয়ে দিরাই উপজেলায় সংস্থাটির কার্যক্রম প্রশংসনীয়। আমি নিজেও সংস্থাটির অধিকাংশ সভায় উপস্থিত থাকার চেষ্টা করেছি।
দিরাই উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও ওয়েভের সদস্য ছবি চৌধুরীর সভাপতিত্বে এবং দূরপতি নন্দীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দিরাই পিএফজির অ্যাম্বাসেডর গোলাপ মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লক্ষ্মী রানী তালুকদার লাকী, দিরাই প্রেসক্লাবের সভাপতি ও দিরাই পিএফজির কো-অর্ডিনেটর শামছুল ইসলাম সরদার খেজুর এবং শিক্ষিকা রুবেনা আক্তার।
স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কুদরত পাশা। এ ছাড়া বক্তব্য দেন ওয়েভের যুগ্ম সমন্বয়কারী হাফছা বেগম, সদস্য মজিদা খাতুন, ফরিদা বেগম, রুফিয়া বেগম, রাহেলা আক্তার, রুফিয়া খাতুন ও লিলি বেগম এবং হেনা বেগমসহ ওয়েভ ও ইয়ুথের সদস্যরা।
অনুষ্ঠানের শেষপর্যায়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী এবং সফল নারী উদ্যোক্তাদের হাতে অতিথিরা সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
নিজস্ব প্রতিবেদকঃ 


















