সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে নতুনভাবে আরও পাঁচজন সদস্যকে যুক্ত করা হয়েছে এবং কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হককে স্বাক্ষর ক্ষমতা প্রদান করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে মঙ্গলবার বিকালে এ তথ্য জানানো হয়।
নতুনভাবে কমিটিতে যুক্ত হওয়া পাঁচ সদস্য হলেন— জেলা যুবদলের আহ্বায়ক আবুল মুনসুর শওকত, বিএনপি নেতা ব্যারিস্টার মাহদিন চৌধুরী, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন, জেলা বিএনপির সাবেক সদস্য অশোক তালুকদার।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় বিএনপি সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলনকে আহ্বায়ক নির্বাচিত করে ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল। তবে, ইউনিট কমিটি গঠনের স্বাক্ষর ক্ষমতা নিয়ে অস্পষ্টতা থাকায় দলীয় পর্যায়ে বেশ কিছুদিন আলোচনা চলছিল। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে এ বিষয়টি পরিষ্কার করা হয়েছে।
কালনী ভিউ ডেস্ক : 


















