২০২৪ সাল জুড়ে সুনামগঞ্জ ছিল নানা আলোচিত ঘটনা, বিতর্ক ও অনিয়মের কেন্দ্রবিন্দুতে। ফসল রক্ষা বাঁধ নির্মাণের বিলম্ব, শিক্ষা খাতে ব্যাপক দুর্নীতি, ভোট জালিয়াতি ও সামাজিক আন্দোলনের ঘটনাগুলো নিয়ে জেলাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।
হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে অস্থিরতা
৫৩টি হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ যথাসময়ে শুরু না হওয়ায় হাওরবাসীর উদ্বেগ চরমে পৌঁছায়। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দাবিমতে ১২% কাজ শেষ হলেও ১৫ দিন পেরিয়ে প্রকল্পের কোথাও দৃশ্যমান অগ্রগতি হয়নি। বিলম্বিত কাজ এবং পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। কৃষক ও স্থানীয় সংগঠনগুলো এ নিয়ে একাধিকবার প্রতিবাদ জানায়।
শিক্ষা খাতে দুর্নীতি: আলোচনার কেন্দ্রবিন্দু আব্দুস সালাম
শাল্লা উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম ২০২৪ সালে দুর্নীতি ও অনিয়মের জন্য সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব। তার বিরুদ্ধে ঘুষগ্রহণ, ভোট জালিয়াতি, এবং প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। পিআইসি বরাদ্দ থেকে শুরু করে স্কুল মেরামতের বরাদ্দ—সবখানে দুর্নীতির ছাপ ছিল স্পষ্ট। বিভিন্ন অভিযোগ সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট জালিয়াতি
২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শাল্লা উপজেলার একটি ভোটকেন্দ্র ছিল বিতর্কের কেন্দ্রে। আওয়ামী লীগের প্রার্থীর নিজ কেন্দ্রে ৮৯% ভোট কাস্ট হলেও অন্য কেন্দ্রগুলোতে মাত্র ৫০% ভোট পড়ে। ভোট জালিয়াতি ও মৃত ব্যক্তিদের নামে ভোট প্রদানের অভিযোগে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন।
সাংস্কৃতিক কর্মসূচি নিয়ে শিক্ষকদের হয়রানি
শাল্লা উপজেলায় শিক্ষকদের দিয়ে স্কুল চলাকালীন সময়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে বাধ্য করার ঘটনাও ছিল ২০২৪ সালের আলোচিত ঘটনা। শিক্ষকদের অভিযোগ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম মিটিংয়ের নামে তাদের ডেকে এনে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে বাধ্য করেন।
মানববন্ধন ও প্রতিবাদমুখর হাওরবাসী
হাওরের ফসল রক্ষা, শিক্ষা খাতে দুর্নীতি এবং প্রশাসনিক অসাধুতার প্রতিবাদে স্থানীয়রা বছরজুড়ে একাধিক মানববন্ধন, বিক্ষোভ এবং সংবাদ সম্মেলন আয়োজন করেন। হাওর রক্ষা আন্দোলন এবং দুর্নীতির বিরুদ্ধে গঠিত স্থানীয় কমিটিগুলো এসব কর্মসূচির নেতৃত্ব দেন।
সচেতন মহলের দাবি
২০২৪ সালে সুনামগঞ্জের ঘটনা দুর্নীতির প্রভাব, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং জনমানুষের অধিকার আদায়ের সংগ্রামের একটি প্রতিচ্ছবি। স্থানীয় সচেতন মহল মনে করেন, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের শাস্তি নিশ্চিত না হলে সুনামগঞ্জে ভবিষ্যতে উন্নয়ন ও সুশাসন চরম হুমকির মুখে পড়বে।
নিজস্ব প্রতিবেদক 









