দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগ তুলে সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমির হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতির সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা ও পৌর বিএনপির একাংশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিরাই উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সভায় উপস্থিত একাধিক নেতা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো লিখিত বিবৃতি এখনো প্রকাশ করা হয়নি।
সভাসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাংগঠনিক সিদ্ধান্ত উপেক্ষা এবং অতীতের কিছু রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমির হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। পরে জেলা বিএনপির কাছে তাকে দলীয় পদ থেকে অব্যাহতির সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে জেলা বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাকে দলীয় সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত রাখার প্রস্তাবও সভায় গৃহীত হয়।
সভায় অভিযোগ করা হয়, গত ৬ জুলাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন তিন সদস্যকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করলেও উপজেলা ও পৌর বিএনপির অধিকাংশ দায়িত্বশীল নেতাকে এ বিষয়ে অবহিত করা হয়নি। উপস্থিত নেতারা এ ঘটনাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী বলে উল্লেখ করেন।
এ ছাড়া সভায় ২০২০ সালের দিরাই পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর পরিবর্তে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগও উত্থাপন করা হয়। অভিযোগগুলো নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা বিএনপির কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয় বলে সভাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সভায় আরও মত দেওয়া হয়, জেলা বিএনপির সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমির হোসেনকে পদে রেখে কোনো দলীয় সম্মেলনে অংশগ্রহণ না করার বিষয়ে।
যৌথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক। এতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীসহ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্য।
নিজস্ব প্রতিবেদকঃ 


















