সুনামগঞ্জের দিরাইয়ে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আনহার মিয়া (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনারায়ণপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত আনহার মিয়া ওই গ্রামের মৃত ওয়াকিব মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ২টার দিকে আনহার মিয়া নিজ ঘরে বসে পবিত্র কোরআন তিলাওয়াত করছিলেন। এ সময় একই গ্রামের আলী আহমদের লোকজন তাকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে আসেন। একপর্যায়ে তাঁরা ধারালো কুড়াল দিয়ে আনহার মিয়ার মাথায় একাধিক আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা প্রশান্ত দাস তালুকদার বলেন, আনহার মিয়ার মাথায় গুরুতর আঘাত রয়েছে। তাঁর শারীরিক অবস্থার বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ 


















