সুনামগঞ্জের দিরাইয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৪৯ দশমিক ৬২ শতাংশ। এ বছর উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২ হাজার ১৩৮ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৬১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, দিরাই উপজেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি- ২০২৬ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এ তথ্য পাওয়া গেছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, উপজেলার সামগ্রিক পাসের হার ৪৯ দশমিক ৬২ শতাংশ। একই সময়ে সিলেট শিক্ষা বোর্ডের পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা যায়, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এবার উপজেলায় সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ১২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১০২ জন পাস করেছে। পাসের হার ৮২ দশমিক ২৫ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
অন্যদিকে, উপজেলার সর্বনিম্ন পাসের হার রফিনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে। প্রতিষ্ঠানটির ১৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ২৭ দশমিক ৪২ শতাংশ।
এ ছাড়া দিরাই উচ্চ বিদ্যালয়ে ৩৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭১ জন পাস করেছে, পাসের হার ৪৫ শতাংশ। আলহাজ আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ে ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন পাস করেছে, পাসের হার ২৯ দশমিক ৫৪ শতাংশ। মাটিয়াপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে ৩২ জনের মধ্যে ৯ জন পাস করেছে, পাসের হার ৩১ দশমিক ০৯ শতাংশ। রজনীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে ৯১ জনের মধ্যে ২৮ জন পাস করেছে, পাসের হার ৩১ দশমিক ৮২ শতাংশ।
উপজেলার অন্যান্য ভালো ফল করা প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ ফিমেল একাডেমিতে ৪৭ জনের মধ্যে ৩৫ জন, মকসদপুর উচ্চ বিদ্যালয়ে ১৮ জনের মধ্যে ১৩ জন এবং চরনারচর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে ৫০ জনের মধ্যে ৩৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এসব প্রতিষ্ঠানের পাসের হার যথাক্রমে ৭৪ দশমিক ৪৬, ৭২ দশমিক ২২ ও ৭০ শতাংশ।
ফলাফল অনুযায়ী, দিরাই উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন এবং ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া উপজেলার কয়েকটি প্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ 















