সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার বেলা ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বানিগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের করিম উদ্দিন ও খালিদ মিয়া।
দক্ষিণ বানিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করিম উদ্দিন ও খালিদ মিয়া তার ইউনিয়নের বাসিন্দা। অপর দুজন মৌলভীবাজারের বাসিন্দা বলে তিনি জানতে পেরেছেন।
নিহতদের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, চার প্রবাসী দেশে ফেরার উদ্দেশ্যে তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। পথে আল-খুরমা এলাকায় তাদের ভাড়া করা গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দ্রুত মরদেহ দেশে ফেরাতে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনেরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।
কালনী ভিউ ডেস্কঃ 

















