দিরাই উপজেলা বিএনপিতে গ্রুপিং নতুন কিছু নয়। তবে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দলটির অভ্যন্তরীণ বিভক্তি ক্রমেই বাড়ছে। নেতৃত্ব, সাংগঠনিক কর্তৃত্ব ও রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে স্পষ্ট হয়েছে দুটি বলয়।
একদিকে স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাসির উদ্দিন চৌধুরীর অনুসারীরা, অন্যদিকে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির হোসেন চৌধুরী পাভেল ও দিরাই উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুকের অনুসারীরা। দুই বলয়ের এই দূরত্ব এখন দৃশ্যমান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনেও পৃথক কর্মসূচি পালন করেছেন দুই পক্ষের নেতাকর্মীরা।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় নির্বাচনের পর থেকেই দলীয় নেতৃত্ব ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা নিয়ে দুই পক্ষের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীকে ঘিরে তাঁর অনুসারীরা একটি বলয়ে সংগঠিত হয়েছেন। অন্যদিকে অ্যাডভোকেট তাহির হোসেন চৌধুরী পাভেল ও উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুকের নেতৃত্বে আরেকটি অংশ সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। দলীয় কর্মসূচি, নেতৃত্বের অবস্থান এবং স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য ক্রমেই বাড়ছে।
এর আগে গত ৬ আগস্ট সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীর অনুসারীরা দিরাই থানা পয়েন্টে সমাবেশ করেন। এর দুই দিন পর ৮ আগস্ট অ্যাডভোকেট তাহির হোসেন চৌধুরী পাভেল ও মঈন উদ্দিন চৌধুরী মাসুক সমর্থিত নেতাকর্মীরা বাগানবাড়ি এলাকায় পাল্টা সমাবেশের আয়োজন করেন। ওই কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এ সময় মিছিল ও সমাবেশ ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) পাভেল চৌধুরী-মাসুক চৌধুরী বলয়ের নেতাকর্মীরা র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। সকাল সাড়ে ১১টার দিকে দিরাই পৌর শহরের থানা রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা রোডে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সদস্যসচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুকের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ওবায়দুর রহমান চৌধুরী মিশুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সুমন মিয়া, উপজেলা যুবদলের সদস্যসচিব লিপন হাসান চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজুসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অন্যদিকে রোববার (৮ নভেম্বর) সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীর অনুসারীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছেন। এতে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে।
একই দলের নেতাকর্মীদের পৃথক কর্মসূচি পালন নিয়ে স্থানীয় বিএনপির তৃণমূল পর্যায়ে আলোচনা-সমালোচনা চলছে। দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধের অবসান না হওয়ায় সাংগঠনিক ঐক্য নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে জাতীয় নির্বাচনের পর দলীয় কর্মকাণ্ডে যে দূরত্ব তৈরি হয়েছে, তা নিরসনে কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে এই বিভক্তি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় নেতাকর্মীরা।
তৃণমূল বিএনপির কয়েকজন নেতাকর্মী জানান, জাতীয় নির্বাচনের পর দলীয় বিভক্তি আরও স্পষ্ট হয়েছে। আগে বিভিন্ন কর্মসূচিতে দুই পক্ষের নেতাকর্মীদের একসঙ্গে দেখা গেলেও এখন অনেক ক্ষেত্রেই পৃথকভাবে কর্মসূচি পালন করা হচ্ছে। এতে সাধারণ নেতাকর্মীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। কার সঙ্গে থাকবেন, কোন কর্মসূচিতে অংশ নেবেন এ নিয়েও তাঁদের মধ্যে দ্বিধা তৈরি হচ্ছে। তাঁদের মতে, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির ঊর্ধ্বে উঠে দলীয় ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। অন্যথায় এই বিভক্তির প্রভাব তৃণমূল সংগঠনের ওপর আরও গভীর হতে পারে।
দিরাই বিএনপির এই বিভক্তি নিরসনে জেলা ও কেন্দ্রীয় নেতৃত্বের উদ্যোগ কতটা কার্যকর হয়, নাকি দুই বলয়ের পৃথক রাজনৈতিক অবস্থান আরও দৃঢ় হয়, এখন সেটিই দেখার বিষয়।
মুজাহিদ সর্দার তালহা 


















