হাওরপারের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে সুনামগঞ্জের দিরাইয়ে ভাটিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) উপজেলার ভাটিপাড়া উচ্চবিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার রফিনগর ও ভাটিপাড়া ইউনিয়ন এবং পার্শ্ববর্তী শিমুলবাক ইউনিয়নের পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। পরীক্ষায় প্রাথমিক পর্যায়ে ১৮৩ জন এবং মাধ্যমিক পর্যায়ে ৮৪ জনসহ মোট ২৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা পরিচালনা উপ-কমিটির সভাপতি লুৎফুর রহমান বলেন, ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকে ভাটিপাড়া ওয়েলফেয়ার সোসাইটি হাওরপারের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও তিনটি ইউনিয়নের শিক্ষার্থীদের নিয়ে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সোসাইটির সহসাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কাজী আবু তালেব, কর্মসূচি বাস্তবায়ন উপকমিটির সাধারণ সম্পাদক আলমগীর তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী সানোয়ার হোসেন এবং সদস্য রঞ্জন সরকার প্রমুখ।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সিলেট স্কলার্স হোমের প্রভাষক আবুল হোসেন উত্তমসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
এদিকে, একই দিন উপজেলার রাজানগর ইউনিয়নের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে হারুন অর-রশিদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগেও মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উদয়ন আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী বুরহান উদ্দিন আহমেদ বলেন, বাবার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে প্রতিষ্ঠিত এ সংগঠন প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় তিনি শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিজস্ব প্রতিবেদকঃ 


















