ছাতকে সাদপন্থীদের অপতৎপরতা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার মুসলিম জনতা ও সর্বস্তরের ওলামাবৃন্দ। মঙ্গলবার দুপুরে ছাতক অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাউয়াবাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা সাইদ আহমদ। বক্তব্য রাখেন মাওলানা ফজলুর রহমান।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার রাত ৩টার সময় তথাকথিত সাদপন্থীরা সরকারের পূর্ব সিদ্ধান্ত ডিঙিয়ে ইজতেমা ময়দানে পাহারারত তাবলীগের সাথী, মাঠে উপস্থিত মাদ্রাসা শিক্ষার্থী ও শিক্ষকদের উপর হামলা চালিয়ে ৪ জনকে হত্যা এবং শতাধিক আলেম-ওলামাকে আহত করেছে। ২০১৮ সালের ১ ডিসেম্বর এভাবেই টঙ্গী ময়দানে তাবলীগের সাথী, আলেম-ওলামা ও ছাত্রদের উপর হামলা চালিয়ে একজনকে হত্যা করেছিলো তারা। সাদপন্থীরা উগ্রবাদী, সন্ত্রাসী ও চরমপন্থী একটি বাহিনী। তারা দেশকে অস্থিতিশীল করার নীল নকশা বাস্তবায়ন করে পার্শ্ববর্তী একটি দেশকে খুশি করতে চায়। তাদের কার্যক্রমে ইসরাইলের মদদ রয়েছে বলে একটি জাতীয় দৈনিকে ইতোমধ্যে সংবাদও প্রকাশিত হয়েছে।
সংবাদ সম্মেলনে সাদপন্থীদের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। এছাড়াও ২০১৮ সালে ও গত ১৭ ডিসেম্বরে সংগঠিত হত্যাযজ্ঞের ঘটনাকারীদের দ্রুত গ্রেফতার ও কাকরাইল মারকাজ ও টঙ্গী ময়দানসহ সকলক্ষেত্রে তাবলীগের কার্যক্রম শুরা’ই নেজামের অধীনে পরিচালিত করার বিষয়টি নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস মাওলানা মোস্তফা কামাল চৌধুরী, ভুইগাঁও মাদরাসার মুহতামিম মাওলানা শামসুল ইসলাম, হাসনাবাদ মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল কাদির, অ্যাডভোকেট আবুল কালাম, মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা আবুল কালাম, মাওলানা রিয়াজ উদ্দিন, জাহিদুর রহমান, আব্দুস সালাম, রফিক মিয়া, আব্দুল্লাহ মোহাম্মদ প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক 

















