অতিরিক্ত বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় হাওর অঞ্চলের একমাত্র বোরো ফসল তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষক ও তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও বিগত দুই নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত নেতা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।
সম্প্রতি তিনি দিরাইসহ হাওরাঞ্চলের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে কথা বলে তাদের দুর্দশার চিত্র সরেজমিনে দেখেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় বিএনপি সবসময় দুর্দশাগ্রস্ত মানুষের পাশে রয়েছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের খাদ্য সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তাহির রায়হান চৌধুরী পাবেল আরও বলেন, হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা সম্পূর্ণভাবে একমাত্র বোরো ধানের ওপর নির্ভরশীল। প্রাকৃতিক দুর্যোগে সেই ফসল নষ্ট হয়ে যাওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এই সংকট মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। মানুষ বাঁচাতে হলে আগে কৃষককে বাঁচাতে হবে।
এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তিনি সকল শ্রেণি পেশার মানুষদের ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদকঃ 








