সুনামগঞ্জের দিরাই উপজেলার সন্তান মানিক ইব্রাহীম উচ্চশিক্ষা ও গবেষণার নতুন দিগন্তে পা রাখতে যাচ্ছেন। সরকারি বৃত্তি (স্কলারশিপ) নিয়ে যুক্তরাষ্ট্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর (এমএস) অধ্যয়ন এবং রকেট প্রযুক্তি বিষয়ে গবেষণার সুযোগ পেয়েছেন তিনি। তার পড়াশোনা ও গবেষণার সম্পূর্ণ ব্যয়ভার যুক্তরাষ্ট্র সরকার বহন করবে।
মানিক ইব্রাহীম দিরাই উপজেলার লৌলার চর গ্রামের বাসিন্দা। তিনি রফিকুল ইসলাম তালুকদার ও পারভীন বেগমের সন্তান। তার বাবা অধ্যাপক রফিকুল ইসলাম তালুকদার দিরাই সরকারি কলেজের অধ্যক্ষ (প্রিন্সিপাল) এবং মা পারভীন বেগম একজন স্কুলশিক্ষিকা।
তিনি খুলনার কুয়েট (KUET) থেকে প্রকৌশল বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। শিক্ষাজীবনের শুরু থেকেই তিনি মেধার স্বাক্ষর রেখে আসছেন। বিভিন্ন ধাপে কৃতিত্বের ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ অর্জন করেছেন।
পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি মানিকের গভীর আগ্রহ ছিল। সেই আগ্রহ, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন।
স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল মনে করছেন, দিরাইয়ের মতো প্রত্যন্ত অঞ্চলের একজন শিক্ষার্থীর এ সাফল্য এলাকার তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা ও গবেষণায় উদ্বুদ্ধ করবে। বিশেষ করে বিজ্ঞান, প্রকৌশল ও মহাকাশ প্রযুক্তির মতো আধুনিক গবেষণা ক্ষেত্রে তার এই অর্জন দেশের জন্যও গর্বের।
বিদেশে যাওয়ার আগে মানিক ইব্রাহীম সবার কাছে দোয়া কামনা করেছেন। তিনি বলেন, অর্জিত জ্ঞান ও গবেষণার অভিজ্ঞতা ভবিষ্যতে দেশের উন্নয়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে কাজে লাগাতে চান।
মুজাহিদ সর্দার তালহা 

















