কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল। ওকানাগান লেকের আশপাশে দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে রাতারাতি ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার সন্ধ্যায় প্রথম আগুনের সূত্রপাত হয়। এরপর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে দাবানল প্রায় ৫০ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এতে ফাউল্ডার নামের ছোট একটি জনপদও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, প্রায় ১২ হাজার মানুষের শহর সামারল্যান্ডের পুরো এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পিচল্যান্ড ও আশপাশের এলাকায় বসবাসকারী আরও প্রায় ৮ হাজার মানুষকে এলাকা ছাড়তে বলা হয়েছে।
দাবানলের ভয়াবহতা ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও প্রকাশ পায়। সেসব ভিডিওতে আগুনের লেলিহান শিখায় বাড়িঘর পুড়ে যেতে দেখা যায়। আতঙ্কিত বাসিন্দারাও দ্রুত এলাকা ছাড়তে শুরু করেন। এ সময় পেন্টিকটনের দিকে দক্ষিণমুখী সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়।
জরুরি তথ্য কর্মকর্তা এরিক থম্পসন এ দাবানলকে ওই অঞ্চলে সাম্প্রতিক সময়ে দেখা সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন। পরিস্থিতির অবনতি হলে নিজের পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নিতে তাকেও জরুরি কার্যক্রম কেন্দ্র ছাড়তে হয়।
থম্পসন বলেন, তাকেও জরুরি কার্যক্রম কেন্দ্র ছেড়ে পরিবারের সদস্যদের নিয়ে দক্ষিণ দিকে যেতে হয়েছে।
তিনি স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পাশাপাশি ঝুঁকিতে থাকা প্রতিবেশীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
থম্পসন বলেন, পরিস্থিতি সবার জন্যই অত্যন্ত উদ্বেগজনক। তবে এমন সংকটের সময় সবাইকে দৃঢ় থাকতে হবে এবং বিশেষ করে যাদের সহায়তা প্রয়োজন, তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি প্রতিবেশীদের খোঁজ নেওয়ারও আহ্বান জানান।
দাবানল নিয়ন্ত্রণে স্থানীয় কর্তৃপক্ষ ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো কাজ করছে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি এখনও উদ্বেগজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কালনী ভিউ ডেস্কঃ 















