এক রাতের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঘরবাড়ি, আসবাবপত্র, কাপড়চোপড়সহ সংসারের সব সম্বল। হারিয়েছেন মাথা গোঁজার ঠাঁই, হারিয়েছেন দীর্ঘদিনের সঞ্চয়। তবে সবকিছু হারানোর পরও মিনতি রানীর সবচেয়ে বড় কষ্ট ছিল তাঁর সেলাই মেশিনটি হারানো। কারণ, সেটিই ছিল সংসারে স্বামীর পাশাপাশি তাঁর নিজের উপার্জনের একমাত্র অবলম্বন। আগুনে পুড়ে যাওয়া সেই সেলাই মেশিন বুকে জড়িয়ে ধরে কান্নারত মিনতির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। ছবিটি নাড়া দিয়েছিল অনেকের হৃদয়। অবশেষে মানবিক মানুষের সহযোগিতায় আবারও একটি সেলাই মেশিন পেয়েছেন তিনি। ফিরে পেয়েছেন নতুন করে বাঁচার স্বপ্ন।
মিনতি রানীর বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে। গত ২ নভেম্বর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গ্রামের ১৩টি পরিবারের বসতঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অধিকাংশই দরিদ্র জেলে ও কৃষক। এক রাতের আগুনে নিঃস্ব হয়ে পড়েন এসব পরিবারের সদস্যরা। প্রাণহানি না ঘটলেও ঘরবাড়ি ও জীবনের শেষ সম্বল হারিয়ে এখন ঘুরে দাঁড়ানোর কঠিন লড়াই করছেন তাঁরা।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একটি প্রমোদ দাস ও মিনতি রানীর সংসার। প্রমোদ দাস একজন শ্রমজীবী মানুষ। বর্ষাকালে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, আর হেমন্তে অন্যের বাড়িতে শ্রমিকের কাজ করেন। সংসারের অভাব ঘোচাতে স্বামীর পাশাপাশি কাজ করতেন মিনতি রানীও। পাড়ার মানুষের কাপড় সেলাই করে যা আয় হতো, তা দিয়ে সংসারে সহযোগিতা করতেন। ছোট্ট সেই সেলাই মেশিনটি ছিল তাঁর আত্মনির্ভরতার প্রতীক, সংসারের দুঃসময়ে স্বামীর পাশে দাঁড়ানোর শক্তি।
অগ্নিকাণ্ডে ঘরবাড়ির সঙ্গে পুড়ে যায় মিনতির সেই স্বপ্নও। সেলাই মেশিনটি হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর সেই ছবি নজরে আসে যুক্তরাষ্ট্রপ্রবাসী রিয়েলটর মাসুক রহমানের। তাঁর আর্থিক সহযোগিতায় আব্দুল বারী ও আয়েশা বারী ট্রাস্টের ‘দুস্থ নারী স্বাবলম্বী সহায়তা কার্যক্রম’-এর আওতায় মিনতিকে নতুন একটি সেলাই মেশিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মিনতি রানীর হাতে তুলে দেওয়া হয় একটি সিঙ্গার সেলাই মেশিন। নতুন মেশিনটি হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। যে মেশিন হারিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন, সেই মেশিনেরই নতুন একটি রূপ ফিরে পেয়ে তাঁর চোখেমুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের ছাপ। ঘরবাড়ি হারানোর শোক এখনো কাটেনি, মাথা গোঁজার ঠাঁই কীভাবে তৈরি করবেন, সেই দুশ্চিন্তাও রয়ে গেছে। তবু নতুন সেলাই মেশিনটি তাঁর কাছে আবারও নিজের পায়ে দাঁড়ানোর আশার আলো।
সেলাই মেশিন হাতে পেয়ে মিনতি রানী বলেন, ‘আমার স্বামীর পাশাপাশি পরিবারের জন্য নিজেও কিছু করার চেষ্টা করি। পাড়ার সব মানুষের কাপড় সেলাই করি। আগুনে সবকিছু শেষ হয়ে গেছে। শুধু পরনের কাপড় ছাড়া আমাদের আর কিছু নেই। ঘর কীভাবে বানাব, তা জানি না। আজ আপনারা আমাকে এই সেলাই মেশিন দিয়ে যে উপকার করেছেন, তা বলে শেষ করতে পারব না। ভগবানের কাছে প্রার্থনা করি, তিনি যেন আপনাদের ভালো রাখেন।’
কথা বলতে বলতে কৃতজ্ঞতায় আবেগাপ্লুত হয়ে পড়েন মিনতি। নতুন সেলাই মেশিন পেয়ে কয়েক দিন পর তাঁদের বাড়িতে যাওয়ার জন্য উপস্থিত সবাইকে নিমন্ত্রণও জানান তিনি। সর্বস্ব হারানোর পরও তাঁর এই আন্তরিক নিমন্ত্রণ যেন নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়েরই প্রকাশ।
মিনতির হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, মিনতির স্বামী প্রমোদ দাস, আব্দুল বারী ও আয়েশা বারী ট্রাস্টের প্রতিনিধি অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন, জেলা সুজনের সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, দৈনিক কালবেলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি একে কুদরত পাশা ও বৈশাখী টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কর্ণবাবু দাস, দিরাই প্রেসক্লাবের সদস্য জাকির হোসেন জুহান।
নিজস্ব প্রতিবেদকঃ 


















