হাওর অঞ্চলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার উন্নয়ন, আধুনিকায়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি নিয়ে দিরাইয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় দিরাই পৌর সদরের বাংলাদেশ ফিমেইল একাডেমির উদ্যোগে একাডেমির নিজস্ব হলরুমে এ সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব শোয়াইব আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব দূর-রে শাওয়াজ, দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর এবং সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আজিজুল সিকদার। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী।
একাডেমির অধ্যক্ষ নাজমা বেগমের সভাপতিত্বে ও শিক্ষক নূরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন সমাজকর্মী মেনন চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বুরহান উদ্দিন, বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা সংবাদদাতা আমিনুল হক, সাংবাদিক সামছুল ইসলাম সরদার খেজুর, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদ সর্দার, সমাজকর্মী এমদাদ সরদারসহ শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, হাওর অঞ্চলের তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার সমন্বিত উন্নয়ন অপরিহার্য। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ও হাতে-কলমে প্রশিক্ষণ বৃদ্ধি পেলে এখানকার শিক্ষার্থীরা দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। বক্তারা আরও বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে কারিগরি শিক্ষা বিস্তারে উদ্যোগ বাড়ালে হাওরাঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে।
নিজস্ব প্রতিবেদক: 









